
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সদর থানার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে যশোরগামী নড়াইল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১১-৯৬৫৮) বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের দরজা সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসা যাত্রী মোঃ ইয়াকুব সরদার (৪০) এর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ইয়াকুব সরদার দিঘলীয়া ভদ্রবিলা গ্রামের গণি সরদারের ছেলে। এ সময় তার সহযোগী কাঞ্চনপুর গ্রামের মোঃ সুজন মোল্যা (৩৩) কেও আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, একটি কাগজের কার্টনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এছাড়া একটি Walton অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
আটককৃতরা পেশায় বাস শ্রমিক। তারা দীর্ঘদিন ধরে বাসে যাত্রী সেজে কৌশলে মাদক পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত) এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply