
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শুধু শিবগঞ্জ নয়,পুরো উত্তরবঙ্গের যেসব আসনে বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছে, সেসব এলাকায় বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, রংপুর থেকে শুরু করে খুলনা পর্যন্ত এই বেল্টে যেসব আসনে বিএনপি প্রত্যাশিত ফল করতে পারেনি,সেসব অঞ্চলকে বিশেষভাবে উন্নয়নের আওতায় আনা হবে। পরাজিত এলাকার মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না; বরং উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, যেসব এলাকায় বিএনপি পরাজিত হয়েছে, সেখানে শাস্তি দেওয়ার প্রশ্নই আসে না। বরং ওই এলাকাগুলোকে আরও বেশি উন্নয়নের দিকে নিয়ে যেতে চায় সরকার। বিরোধী দলের জনপ্রতিনিধি রয়েছে বলে কোনো এলাকাকে পিছিয়ে পড়া জনপদ হিসেবে দেখা হবে না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনসম্পৃক্ত বিভিন্ন সরকারি কার্যক্রমে এসব অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও এসএনভির আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে বর্জ্য ব্যবস্থাপনা (কঠিন ও পয়ঃবর্জ্য) কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শিবগঞ্জ পৌরসভাকে সুন্দর ও পরিচ্ছন্নভাবে গড়ে তুলতে পারলে এর সুফল সবাই ভোগ করবে। দল-মত নির্বিশেষে শিবগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে সবার সহযোগিতা প্রয়োজন।
শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এসএনভির সেক্টর লিডার (ওয়াটার) শহীদুল ইসলাম,শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজয় কুমার,শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম,শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল বাতেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
Leave a Reply