
লিয়াকত হোসেন জনী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
মধুপুর গড়াঞ্চলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। জানাযায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের অরনখোলা ইউনিয়নের টেলকী নামক এক প্রত্যন্ত গ্রামে এমন ঘটনা ঘটে। এতে বাবা-ছেলেসহ গারো নৃগোষ্ঠীর চারজনের মৃত্যু হয়।
শনিবার (২০ জুন) সকালে
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাতা গ্যাব্রিয়েল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস, স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়া এবং এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগল টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়।
ছাগলটি তুলতে প্রথমে কূপে নামে ১২ বছরের নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা।
একইভাবে এরপর গ্যাব্রিয়েল এবং সবশেষে রতন নকরেক কূপে নামেন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অক্সিজেন শূন্য পরিত্যক্ত কূপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার ফাইটার মনিরকে নামিয়ে একে একে চারজনের লাশ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার করা মরদেহ গুলো থানায় আানা হয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply