
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের বিএনপি নেতা ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছুরহাব উদ্দিন স্বপনের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন উপজেলায় কর্মরত দৈনিক সমকাল প্রতিনিধিসহ চার সাংবাদিক। ওই ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ওই বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ত্রিশাল প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশাল শাখাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আহত সাংবাদিকরা হলেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের ত্রিশাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য এস এম মাসুদ রানা (সকালের সময়), আব্দুল্লাহ আল ফাহাদ (কালবেলা) ও রাকিবুল হাসান সুমন (নয়া শতাব্দী)। সাংবাদিকরা গণমাধ্যম কে জানান, শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে যান তারা। ঘটনাস্থলে পৌছার কিছুক্ষণ পর কিছু বুঝে উঠার আগেই ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছুরহাব উদ্দিন স্বপনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাদের উপর। এসময় হামলাকারীরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা ও মানিব্যাগসহ বিভিন্ন ডকুমেন্ট ছিনিয়ে নেয়। কেড়ে নেয়া হয় মোটরসাইকেলের চাবিও। এরপর স্বপন মেম্বারের নির্দেশে ও নেতৃত্বে যুবদল নেতা হাবিবুর রহমান জিয়াসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ সমকালের সাংবাদিক মতিউর রহমান সেলিম ও সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানার উপর হামলা করে। এসময় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে দীর্ঘসময়। সেখানকার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদেরকে রক্ষা করে। তাদেরকে উদ্ধার করতে গেলে কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমনকেও মারধর করে। খবর পেয়ে ত্রিশাল প্রেস ক্লাবের অন্য সহকর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে আহত মতিউর রহমান সেলিম ও এস এম মাসুদ রানাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ত্রিশাল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মনসুর আহমেদ দৈনিক প্রলয়’র প্রতিনিধি কে বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply