
মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা, খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় নির্মানাধীন গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনে এবং গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর গেটের নামফলকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে সোমবার সকালে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, রাতে আমিসহ আমাদের কয়েকজন পুলিশ অফিসার ওই এলাকায় টহলে ছিলাম। দুর্বৃত্তরা কাচের বোতলে ঝুট ও দাহ্য পদার্থ ভরে আগুন ধরিয়ে সেখানে নাশকতার চেষ্টা করেছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আর এ ঘটনায়
তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2026
Leave a Reply