
আব্দুর রউফ ভুইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে চারটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সারাদেশে ধাপে ধাপে প্রার্থীর তালিকা প্রকাশ করা হচ্ছে, এবং যেসব আসনে এখনো আলোচনা চলছে, সেসব জায়গায় নাম পরে ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ জেলার ক্ষেত্রেও ৬টি আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে, বাকি দুই আসনে এখনো সিদ্ধান্ত হয়নি।
এর মধ্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তারাইল) আসনে সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসন পরে ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনের জন্য একাধিক প্রার্থীর নাম প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এ দুই আসনের প্রার্থীর নাম শিগগিরই ঘোষণা করা হবে।
© All rights reserved © 2026
Leave a Reply