
শফিকুল আলম সজীব, দুর্গাপুর, নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ দুর্গাপুর গড়ার লক্ষ্যে দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দ্বীনি আলিম মাদ্রাসা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন। তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “এমন উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি। এই ধরনের কর্মসূচি দুর্গাপুরের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করবে।”
উদ্বোধনের পর সুসং সরকারী মহাবিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ সমাজ গঠনে তাদের উৎসাহিত করা।
সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার জানান, পরিবেশের প্রতি শিক্ষার্থীদের সচেতনতা তৈরি করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, “আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা দুর্গাপুরকে একটি সবুজ জনপদ হিসেবে দেখতে চাই।”
কর্মসূচিতে কবি, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক সমিতির এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
© All rights reserved © 2026
Leave a Reply