
শফিকুল আলম সজীব ,নেত্রকোনা (দুর্গাপুর)
অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দুর্গাপুর উপজেলার তেরি বাজার এলাকার বাসিন্দারা। সম্প্রতি একটি বিশাল ভিমরুলের চাক অপসারণের পর তাদের মধ্যে বিরাজমান উদ্বেগ কেটেছে। গত ৩০ আগস্ট, ২০২৫ তারিখে এই ভিমরুলের আক্রমণে একজন বৃদ্ধা নারীর মৃত্যুর পর স্থানীয় সাংবাদিক শফিকুল আলম সজীব উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে দুর্গাপুর উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভাকে নির্দেশ দেয়।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর রাতে পৌরসভার একটি বিশেষ দল অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে ভিমরুলের চাকটি অপসারণ করে। এই ঝুঁকিপূর্ণ কাজটি সম্পন্ন হওয়ায় এলাকাবাসী, বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ছিল, তা দূর হয়েছে।
এদিকে, তেরি বাজারের চাক অপসারণ ছাড়াও দুর্গাপুর পৌরসভার পৃথক চারটি স্থানে আরও চারটি ভিমরুলের চাক অপসারণ করা হয়েছে। পৌরসভার এই ধারাবাহিক তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রশাসনের এই দ্রুত সাড়াকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং বলেন, “পৌরসভার সময়োপযোগী পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা পৌরবাসীর পাশে আছে।
© All rights reserved © 2026
Leave a Reply