
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ধীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মোঃ তারিফ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) বেলা ১১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ আমনুরাগামী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, রাজশাহীর তানোর থেকে ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানে করে মাদক নিয়ে
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে আসছেন এক ব্যক্তি। এ তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন ভ্যানচালককে থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে মোড়ানো চারটি পোটলায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ তারিফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড় এলাকার বাসিন্দা। তিনি মোঃ আলম ও মোছাঃ ছেরিনা খাতুনের ছেলে। অভিযানে উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরে বেলা ১২টা ৩৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply