
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন ও সেই মাটি বিক্রির দায়ে নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নুরুজ্জামান ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
জানা গেছে, ওই এলাকায় স্কেভেটর (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় নুরুজ্জামানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
অভিযানে মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মশিউর রহমান। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, কৃষি জমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা এবং বিক্রির কোনো সুযোগ নেই। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
© All rights reserved © 2026
Leave a Reply