
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টাস্কফোর্স অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ পবন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার রহনপুর বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক পবন ওই এলাকার শ্রী অভিমুন্য চৌধুরীর ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে পবনের কাছ থেকে ২ লিটার চোলাইমদ ও ৬০ লিটার মদ তৈরির উপকরণ ওয়াশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পবনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।
© All rights reserved © 2026
Leave a Reply