
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের পোড়ান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের রুবেল মিয়ার চার বছর বয়সী ছেলে রিবান মিয়া এবং এক থেকে দেড় বছর বয়সী মেয়ে শাফা।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। একপর্যায়ে ছোট বোন শাফা অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে বড় ভাই রিবান বোনকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় সেও পানিতে তলিয়ে যায়।
অনেকক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা রুবেল মিয়া ও মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রামের পরিবেশ।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply