
এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির সদস্যরা শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি জানায়, জব্দকৃত ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এদিকে, চলতি জুন মাসে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১ জন আসামিসহ মোট ১ হাজার ১৬১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply