
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গরুর খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতি ও হত্যার হুমকির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কোরবানির ঈদকে সামনে রেখে এমন ঘটনায় নির্ঘুম সময় পার করছেন খামারিরা। ইতোমধ্যে গ্রামের বিভিন্ন বাড়িতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫টি খামারি পরিবারের বাড়িতে গত চার থেকে পাঁচ দিনের মধ্যে দুর্বৃত্তরা রক্তমাখা চিঠি রেখে যায়। চিঠিতে নিজেদের ‘রঘু ডাকাত’ পরিচয় দিয়ে লেখা হয়— “কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস।”
স্থানীয় খামারিরা জানান, চিঠি পাওয়ার পর থেকেই পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটছে তাদের। এরই মধ্যে কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে ডাকাতির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ফলে পুরো গ্রামে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খামারি হাজী রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন, আজাদুল ইসলাম ও সানোয়ার হোসেন বলেন, “ঈদ সামনে রেখে আমরা গরু লালন-পালন করছি। এখন এমন হুমকি পাওয়ার পর রাতে ঘুমাতে পারছি না। পরিবার নিয়েও শঙ্কায় আছি।”
টেকুয়াপাড়া গ্রামের মিলন সংঘ ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, গ্রামের অধিকাংশ পরিবার গরু পালন করে জীবিকা নির্বাহ করে। হঠাৎ করে একের পর এক রক্তমাখা চিঠি আসায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সন্ধ্যার পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। স্থানীয় যুবকরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।
এ ঘটনায় স্থানীয় খামারি মো. আমজাদ হোসেন শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, বিষয়টি জানার পরপরই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।”
© All rights reserved © 2026
Leave a Reply