
তাড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬ / ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রাশেদুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও রপ্তানি সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি খামারিদের নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান এবং টেকসই খামার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী এবং তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ মন্ডল।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তারা স্থানীয় খামারিদের স্বার্থরক্ষা, রোগবালাই নিয়ন্ত্রণ, ভেটেরিনারি সেবার সহজলভ্যতা এবং প্রাণিসম্পদ খাতের সার্বিক অগ্রগতিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব তুলে ধরেন।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply