
মোঃ মেহেদী হাসান বিশ্বাস, পাংশা রাজবাড়ী প্রতিনিধঃ
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় এক মা ও তার শিশু সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মো. আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) ও তার শিশু কন্যা সামিয়া (০২)
বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চরাঞ্চলের একটি নির্জন পুকুর পাড়ে কুকুর লাশ টানাটানি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহের অংশবিশেষ দেখতে পান।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফরিদপুরের কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে এক নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করে।
মরদেহগুলো আংশিক গলিত ও বিকৃত অবস্থায় ছিল। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা মা ও শিশুকে হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দিয়ে রাখে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply