
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দেশের বৃহত্তম ঈদ জামাতগুলোর অন্যতম এই জামাতকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত।
বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এবারের ঈদ জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য চালু করা হবে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস। ঈদ জামাতকে কেন্দ্র করে ট্রেন সার্ভিস চালুর বিষয়টি মুসল্লিদের মধ্যে স্বস্তি ও আগ্রহ তৈরি করেছে।
সভায় ঈদ জামাতকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়ন, মুসল্লিদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ২ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী,কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের নামাজ চলাকালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্যসহ নিহত হন চারজন। সেই থেকে ঈদ জামাতে বাড়তি নিরাপত্তার ওপর জোর দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জনশ্রুতি আছে, শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীর ঘেঁষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। যুগ যুগ ধরে এখানে ঈদের নামাজ পড়ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে ১ লাখ ২৫ হাজার বা ‘সোয়া লাখ’ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’- যা এখন শোলাকিয়া নামে পরিচিত।
প্রায় ২৫০ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, এমন বিশ্বাসে প্রতি বছর ঈদের জামাতে অংশ নেন, দেশ-বিদেশের লাখো মুসল্লি। বংশ পরম্পরায় ৬ একর আয়তনের এই ঈদগাহে নামাজ পড়ছেন অনেকে। এবার এ মাঠে ১৯৯তম ঈদুল আজহার জামাত হবে।
© All rights reserved © 2023
Leave a Reply