
মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সুন্দরগঞ্জ শাখার নেতাকর্মীরা।
সোমবার (১১ মে) সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলির নিকট স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই ও পুলিশের যৌথ দালালবিরোধী অভিযানে কয়েকজন দালালের পাশাপাশি ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকে আটক করা হয়। অভিযোগ ছিল, হাসপাতাল ভিজিটের জন্য নির্ধারিত সময়ের পরও তারা হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি দেন।
এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুন্দরগঞ্জ ফারিয়ার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ শাখার সভাপতি মো. শাহিন আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আহসান হাবীব।
এসময় আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো. লাভলু সরদার, সহ-সভাপতি মো. শামীম ইসলাম, সদস্য মো. মোজাহিদ ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, “আমরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। দেশীয় উৎপাদিত ওষুধ এবং সেগুলোর ব্যবহারবিধি সম্পর্কে চিকিৎসকদের অবহিত করি। হাসপাতালের কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভরা জড়িত নন। অথচ আমাদের ‘দালাল’ আখ্যা দেওয়া হয়, যা অত্যন্ত অপমানজনক।”
তারা আরও বলেন, “বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি। নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত মর্যাদা এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।”
‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে ফারিয়ার সভাপতি মো. শাহিন আলম বলেন, “মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। তারা কোনোভাবেই দালাল নন; বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার দক্ষ কর্মী। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “রোদ-বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করা এই কর্মীদের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেনটেটিভদের কাজের পথে বিদ্যমান সব ধরনের বাধা দ্রুত দূর করার আহ্বান জানাচ্ছি।”
© All rights reserved © 2026
Leave a Reply