
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত মো. রিয়াদ রশিদ (২৮) রুশ সেনাবাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। রিয়াদের বন্ধু লিমন দত্ত, যিনি একই ক্যাম্পে কর্মরত ছিলেন, গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনিই শুক্রবার সন্ধ্যায় মেসেঞ্জারে রিয়াদের মৃত্যুর খবর পরিবারকে জানান।
পরিবারের দাবি, গত বছরের অক্টোবরে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান রিয়াদ। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তবে বিষয়টি তিনি পরিবারের কাউকে জানাননি।
নিহতের বাবা আব্দুর রশিদ বলেন, ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে—এ কথা জানলে কখনোই তাকে সেখানে যেতে দিতেন না। এখন ছেলের মরদেহেরও কোনো খোঁজ পাচ্ছেন না বলে তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান।
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply