
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১ মে থেকে ৬ মে পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ, চাঁনশিকারী, গিলাবাড়ী ও তেলকুপি বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সোনামসজিদ বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া চাঁনশিকারী বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে ১২০ বোতল নেশাজাতীয় সিরাপ ‘চকো প্লাস’ জব্দ করা হয়। অন্যদিকে তেলকুপি বিওপি এলাকার সীমান্তবর্তী এলাকা থেকে ০৭টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করে বিজিবি সদস্যরা। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানানো হয়।
© All rights reserved © 2026
Leave a Reply