
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। রোববার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে
চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বাস, ট্রাক, কার্ভাড ভ্যান ও মিনি বাসসহ সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। শ্রমিকদের অভিযোগ, উভয় সংগঠনই শ্রমিকদের কল্যাণের কথা বলে বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।
এই বিরোধের জের ধরে গত ২৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়, যার ফলে একদিন জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হয়।
সর্বশেষ রোববারের এই অবরোধের ফলে সাধারণ যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
© All rights reserved © 2023
Leave a Reply