
মোঃ রাসেল হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জে পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালে চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুরো উপজেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় দাদপুর তেমুহনী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং কেউ কেউ জ্ঞান হারায়।
আহতদের মধ্যে রয়েছেন—মাওলানা ফারুকুল ইসলাম, জান্নাত বেগম (৭ম শ্রেণি), ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, মীম আক্তার (৮ম শ্রেণি), আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার (৯ম শ্রেণি)।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সাদিয়া আক্তার মৌ বলেন, “আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে আমরা ভয় পেয়ে যাই। স্যারসহ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলি।”
পরে শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, একই সময়ে আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনায় আরও ৮ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, দাদপুর বিদ্যালয় থেকে ৮ জন হাসপাতালে এসেছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, “হঠাৎ বজ্রপাতের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহি উদ্দিন জানান, আহতদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে এবং বিদ্যালয়গুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।
© All rights reserved © 2023
Leave a Reply