
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি অবৈধ মাদক গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিএসসি-১, রাজশাহী। মঙ্গলবার (২৮ এপ্রিল ) দুপুরে গোমস্তাপুর থানাধীন গোমস্তাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ জাকির হোসেন (৩২) ও মোঃ শহিদুল ইসলাম (২৫)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। র্যাব সূত্রে জানা যায়, সকাল থেকে নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৫ এর একটি আভিযানিক দল গোমস্তাপুর ও রহনপুর এলাকায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোমস্তাপুর বাজারে একটি স’ মিলের দক্ষিণ-পশ্চিম পাশে বাঁশঝাড়ের নিচে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে জাকির হোসেনের বহন করা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ও পাটের রশি দিয়ে বাঁধা অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক দুইজনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply