
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের টিকাদান কার্যক্রম জোরদার ভাবে চলমান রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জনকে টিকার আওতায় আনার লক্ষ্য ছিল, যার মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৭৪ হাজার ৮৩৪ জনকে টিকা প্রদান করা হয়েছে। ফলে টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ১১০১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পূর্বে ভর্তি ছিলেন ৯৪ জন এবং নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৮০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৭৮ জন রোগী চিকিৎসাধীন। এছাড়া, মোট ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। জেলায় এ পর্যন্ত সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply