
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম-কে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ ও সংরক্ষিত স্থাপনা হওয়ায় এর সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ড্যামের আশেপাশে বসবাসরত মানুষদের সতর্ক করতে ইতোমধ্যে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার চালানো হয়েছে। ড্যামের ওপর ওঠা, পাশে গোসল করা এবং মাছ ধরা থেকে বিরত থাকার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব ঝুঁকিপূর্ণ কার্যক্রম যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে এবং এতে ড্যামের ক্ষতিও হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় রাবার ড্যাম এলাকায় টহল জোরদার করা হয়েছে। নিয়মিত নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতেও কাজ করছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে আবারও সবাইকে সতর্ক করে বলা হয়েছে, জাতীয় এই সম্পদের সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
© All rights reserved © 2023
Leave a Reply