
বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইল জেলার নড়াগাতী প্রশাসনিক থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি আরও জোরালো হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য (নড়াইল-১ আসন) বিশ্বাস জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ ভবন থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র প্রেরণ করেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, নড়াইল-১ আসনের অন্তর্গত নড়াগাতী থানা একটি গুরুত্বপূর্ণ জনবহুল প্রশাসনিক এলাকা। বর্তমানে এ থানার আওতায় রয়েছে ছয়টি ইউনিয়ন—জায়নগর, কলাবাড়িয়া, খাশিয়াল, বাঐসোনা, পহরডাংগা ও মাউলি ইউনিয়ন। দীর্ঘদিন ধরে এসব এলাকার জনগণ প্রশাসনিক ও উন্নয়নমূলক বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও অন্যান্য সরকারি সেবা গ্রহণের জন্য জনগণকে দূরবর্তী কালিয়া উপজেলা সদরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বর্ষা মৌসুমে নদী ও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াগাতী থানার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনায় এটি একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তিনি আরও বলেন, নড়াগাতীকে উপজেলা হিসেবে উন্নীত করা হলে স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা পাবে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply