
আব্দুস সালাম, রংপুর প্রতিনিধি:
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অবিলম্বে আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে ১১ দলীয় ঐক্য, রংপুর মহানগরের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি নগরীর জুলাই চত্বর থেকে শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্রান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জ্বালানি সংকট নিরসনে টেকসই সমাধান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দেশব্যাপী সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান।
© All rights reserved © 2023
Leave a Reply