
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের গর্ব, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আর নেই। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টায় তিনি ইন্তেকাল করেন । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই সাহসী যোদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, তাঁর চলে যাওয়া মানে এক জীবন্ত ইতিহাসের অবসান। মরহুম জালাল উদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধের একজন নির্ভীক সৈনিক। দেশের স্বাধীনতার জন্য তিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং নিজের জীবনকে বাজি রেখে অবদান রাখেন। তাঁর সাহসিকতা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর শেষ বিদায়ের অংশ হিসেবে বিকেল ৫টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হবে। এরপর রাত ৭টা ৩০ মিনিটে চৌকা আল নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন—এমন প্রার্থনা সবার।
© All rights reserved © 2023
Leave a Reply