
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাত ৩টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। আইনি প্রক্রিয়া শেষে ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গত তিন মাসে চোরাচালানবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ৪ জন আসামিসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— মাদকদ্রব্য: ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ৩০৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। গবাদিপশু: ১৬৯টি গরু ও ২১টি মহিষ। ইলেকট্রনিক্স: ১১০টি মোবাইল ফোনসহ অন্যান্য ভারতীয় পণ্য। বিজিবি জানায়, গত তিন মাসে জব্দকৃত এসব অবৈধ পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply