
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩টা ৩০ মিনিটে বালিকা এবং বিকাল ৪টা ৩০ মিনিটে বালক বিভাগের ফাইনাল খেলা চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন পৌর কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান।
কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে শংকরবাটী পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিকাল ৫টা ৩০ মিনিটে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
© All rights reserved © 2023
Leave a Reply