
সুন্দরগঞ্জের শান্তিরামে রাস্তা সংস্কার করলেন শিল্পপতি দাছিজুল হক আনিছ
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ একটি সড়ক সংস্কার করে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. দাছিজুল হক আনিছ।
রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী মধ্যপাড়া জামে মসজিদ থেকে সেলিনা বেগমের বাড়ি হয়ে চৌকিদারের ঘাট পর্যন্ত সড়কের সংস্কার কাজ শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পিবিএফএল লিমিটেডের সিইও এবং শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. দাছিজুল হক আনিছ। এছাড়া সমাজসেবক রাশেদুল ইসলাম রানু, মাহমুদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। বর্ষা মৌসুমে কাদা ও পানির কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে বড় ধরনের সমস্যা দেখা দিত।
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ চলাচল করেন। স্কুলগামী শিক্ষার্থী, হাটবাজারগামী সাধারণ মানুষসহ অটো, ভ্যান ও রিকশা নিয়মিত যাতায়াত করে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন দাছিজুল হক আনিছ।
স্থানীয়রা বলেন, ‘আমরা বহুবার চেয়ারম্যান-মেম্বারদের জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। দীর্ঘদিন ধরেই ভোগান্তি চলছিল। শেষ পর্যন্ত শিল্পপতি আনিছ ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার হওয়ায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।’
এ বিষয়ে শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ বলেন, ‘এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই সড়কের কারণে ভোগান্তিতে ছিলেন। বিশেষ করে বর্ষায় চলাচল প্রায় অচল হয়ে যেত। মানুষের কষ্টের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার করেছি। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করা আমাদের সবার দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘এই সড়ক সংস্কারের মাধ্যমে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচল সহজ হবে। ভবিষ্যতেও এলাকাবাসীর প্রয়োজন অনুযায়ী এমন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।’
© All rights reserved © 2023
Leave a Reply