
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
যশোরের ঝিকরগাছা উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, জরুরি সেবা ও পেশাগত কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে ঘাটতি ও চাহিদা বেড়ে যাওয়ায় ঝিকরগাছার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষসহ অফিসগামী কর্মচারী, শিক্ষক ও মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এ পরিস্থিতিতে ফিলিং স্টেশন মালিক ও ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—তেল মজুদ থাকা সাপেক্ষে চিকিৎসক, পুলিশ সদস্য, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন চালু করা বা অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ নিশ্চিত করতে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দেশনাটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। পাশাপাশি তেলের অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুত বন্ধ রাখা এবং ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও রনী খাতুন জানান, নির্ধারিত পেশাজীবীরা পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply