
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন নারীকে ঘিরে সৃষ্টি হওয়া মানবিক সংকটের ঘটনায় অবশেষে কার্যকর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে বাজার এলাকায় বসবাস করে আসছিলেন ওই নারী। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি সাংবাদিক দ্বীপজয় সরকার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর নজরে আনলে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তা আমলে নেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।
সংবাদ প্রকাশের পর আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে তার নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়।
আজই তাকে সরকারি আশ্রয়কেন্দ্র গাজীপুরের পুবাইলে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সচেতন মহলের মতে, এটি শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়—বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ। একইসঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন।
ত্রিশালের এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়—সমাজের সবচেয়ে অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
© All rights reserved © 2023
Leave a Reply