
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় জুম্মা মসজিদে মুসল্লীর মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মাঝে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ। এ সময় উপস্থিত কর্মকর্তারা মসজিদে মুসল্লীসহ স্হানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে, এছাড়াও মাদকের কুফল, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় স্থানীয় জনগণ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply