
আন্তর্জাতিক ডেস্ক
পারস্য উপসাগর অঞ্চলে আবারও উত্তেজনা বেড়েছে। ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় এলে মার্কিন যুদ্ধজাহাজকে ধ্বংস করতে তারা পিছপা হবে না।
বুধবার দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, যুক্তরাষ্ট্রের শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানি মিসাইলের লক্ষ্যবস্তুতে রয়েছে। পরিস্থিতি তৈরি হলে এটিকে সাগরের তলদেশে পাঠানো হবে বলেও তিনি সতর্ক করেন।
ইরানের দাবি, তাদের ‘গাদির’ ক্রুজ মিসাইলের মাধ্যমে ইতোমধ্যে ওই রণতরীকে লক্ষ্য করে সফলভাবে নজরদারি চালানো হয়েছে। এর ফলে মার্কিন নৌবহরকে অবস্থান পরিবর্তন করতে হয়েছে বলেও জানানো হয়।
ঘটনাপ্রবাহ অনুযায়ী, ইসরাইল-যুক্তরাষ্ট্র জোটের সঙ্গে উত্তেজনা শুরুর আগেই মার্কিন রণতরীটি ওই অঞ্চলে অবস্থান করছিল। তবে সাম্প্রতিক পাল্টা প্রতিক্রিয়ায় ইরান নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বলে দাবি করছে তেহরান।
এদিকে, হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক চাপ অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া দিতে তারা প্রস্তুত।
© All rights reserved © 2023
Leave a Reply