
প্রতিবেদক: রাইয়ান, নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট ডিগ্রি কলেজে নবনির্মিত চারতলা বিশিষ্ট আইসিটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মো. আমির আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবুজার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম, সহকারী অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাস, জ্যেষ্ঠ প্রভাষক আ.স.ম. শরিফুল হাসান এবং লুবনা জাহান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এ ভবন শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কলেজের অধ্যক্ষ মো. আবুজার রহমান জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। চলতি অর্থবছরে কাজ সম্পন্ন হলে কলেজ কর্তৃপক্ষ ভবনটি বুঝে নেয়।
তিনি আরও জানান, অতীতে ভবনের অভাবে কলেজের পুরনো টিনশেড ঘরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে এবার নতুন ভবনে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া, পাঠদানে সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে ভবনটি বড় অবদান রাখবে বলে জানান তিনি।
উল্লেখ্য, আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। নতুন ভবনের মাধ্যমে এবার শিক্ষার্থীরা আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে।
© All rights reserved © 2026
Leave a Reply