
মোঃ রফিক ঢালী শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
গাজীপুর কালিয়াকৈরের কৃতী সন্তান।কক্সবাজার হতে হেঁটে ফাইনালি এভারেস্টের চূড়ায় আরেকবার লাল সবুজের পতাকা হাতে ইকরামুল হাসান শাকিল। সে কেবল একজন মানুষ নয়, সে এক চলমান ইতিহাস। শুরুটা কক্সবাজারের নরম বালু থেকে, কিন্তু শেষ গন্তব্য ছিল পৃথিবীর ছাদ মাউন্ট এভারেস্ট। শুধু এভারেস্ট জয় নয় এ এক আদর্শের পথচলা।কক্সবাজারের সমুদ্রতীর থেকে শুরু করে বরফে মোড়ানো এভারেস্টের শিখর পর্যন্ত তিনি হেঁটেছেন, সাঁতরেছেন, জিতেছেন।
তার শরীর ঘামে ভিজেছে, চোখে এসেছে ঘুমহীন ক্লান্তি, কিন্তু হৃদয়ে ছিল একটাই শ্লোগান প্লাস্টিক দূষণ কমাও। প্রতিটি পদক্ষেপে তিনি পৃথিবীর কাছে জানিয়ে গেছেন আমরা শুধু জয় চাই না, আমরা চাই টেকসই জীবন, পরিচ্ছন্ন পৃথিবী। নিজের পায়ে মেপেছেন হাজার মাইল, নদীর গভীরতা, রাস্তাঘাটের প্রতিকূলতা, শরীরের সীমাবদ্ধতা কোনো কিছুই তাকে থামাতে পারেনি।শুধু হেঁটে নয়, তিনি যমুনা নদী সাতরে পার হয়েছেন!কারণ তার কাছে পথ ছিল না, ছিল শুধু লক্ষ্য।
যমুনা নদী পার হয়ে তিনি যেন বার্তা দিয়েছেন প্রকৃতি আমাদের দেয় নদী, পাহাড়, বাতাস, জীবন আমরা তাকে ফিরিয়ে দিচ্ছি প্লাস্টিকের পাহাড়!
এ জয়, শুধু একজন অভিযাত্রীর নয়, এ জয় এক সচেতন পৃথিবীর আহ্বান। শাকিলের এই জয় শুধুই শৃঙ্গ জয় নয় এ এক জাতির সাহসের প্রতীক, এক তরুণ হৃদয়ের অটল দৃঢ়তার ঘোষণা। যেখানে মানুষ স্বপ্ন দেখে বসে থেকে, সেখানে তিনি হাঁটতে শুরু করেছিলেন।
যেখানে মানুষ ক্লান্ত হয়ে থেমে যায়, তিনি বলেছিলেন আমার পা যতদিন আছে, আমি হাঁটবো।
© All rights reserved © 2026
Leave a Reply