
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিএসসি। শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ৪০ মিনিটে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রামের পাকা রাস্তার পাশ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল জানতে পারে, খোন্দা গ্রামে পাকা রাস্তা সংলগ্ন স্থানে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখা রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইন নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-৫-এর অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply