
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার শাহাপাড়ার রিপন মজুমদার (৫৫), তার স্ত্রী ডলি মজুমদার (৪৮) ও ছেলে প্রলয় মজুমদার (২৬)। প্রলয় মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন নিজকালিকাপুর বিওপির টহল দল সীমান্তের ২১৫৯/৩-এস পিলার সংলগ্ন শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মজুমদার জানান, তিনি দীর্ঘদিন ধরে ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে দীর্ঘদিন অপেক্ষা করেও সাড়া না পাওয়ায় স্থানীয় হাসান নামের এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন। এ উদ্দেশ্যে পরিবারের তিন সদস্য সীমান্ত এলাকায় আসেন।
পরে বিজিবির টহল দলের অভিযানে তারা আটক হন।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2026
Leave a Reply