
মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাহাড়ের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।
একই সঙ্গে পাহাড়ে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে খাগড়াছড়ি শহরের টাউন হলের সামনে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণসহ জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।
পাহাড়ের ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে আগামী জানুয়ারিতে প্রাথমিক, জুনিয়র হাইস্কুল ও হাইস্কুল পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এর আগে সন্ধ্যা ৬টায় টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
তথ্যসূত্র: রেজুয়ান খান, সিনিয়র তথ্য অফিসার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
© All rights reserved © 2026
Leave a Reply