
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
মঙ্গলবার সকালে ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রটি স্পিকারের কার্যালয় গ্রহণ করেছে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার এ বিষয়ে সংসদকে অবহিত করবেন।
পদত্যাগপত্রে অসুস্থতার কারণ উল্লেখ করেছেন ওসমান ফারুক। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটও দেননি তিনি। সে সময় সংসদ সচিবালয়কে চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছিলেন।
এদিকে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।
© All rights reserved © 2026
Leave a Reply