1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭০ Time View

 

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান

 

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলা কমিটি।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ফেনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মনির হোসেন, বিএমইউজে ফেনী জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান পলাশ, সহদপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সিনিয়র সদস্য আলাউদ্দিন সবুজ, আমির হোসেন তানভীর, প্রচার সম্পাদক আরাফাত হোসেন এবং সদস্য এসএইচ খোকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস, নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ সংবাদ প্রকাশের কারণে কিংবা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে যদি জীবন দিতে হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর সংঘটিত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোনার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ নিহত হন। তিনি একটি বেসরকারি আইপি টিভিতে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন। তাঁর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

 

মানববন্ধন থেকে বিএমইউজে নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধী ও মূল পরিকল্পনাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং মফস্বলসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

 

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিক হত্যার মতো জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

মানববন্ধনের শেষ পর্যায়ে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ এবং সাংবাদিক হত্যার দ্রুত বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি