
মোঃ সবুজ সরদার, লোহাগড়া নড়াইল প্রতিনিধি
নড়াইলে ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে স্বল্পমূল্যে পণ্য বিক্রির প্রলোভনে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিসিআইসি) ইউনিট। এ সময় তাঁদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে অর্জিত বলে উল্লেখ করা ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নড়াইল জেলা পুলিশের পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মো. মোর্তজা (২৭) এবং একই উপজেলার নারায়ণপুর গ্রামের কামাল মোল্ল্যার ছেলে মো. লিমন মোল্ল্যা (২৭)। পুলিশি বিজ্ঞপ্তিতে লিমনকে প্রতারণায় সহায়তাকারী বিকাশ এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, ‘বেবি বাইক সপ বিডি’, ‘বেবি বাইক’, ‘কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০’, ‘মিশরীয় মুরগী সেল বাজার ২.০’ ও ‘কম্বল.বিডি’সহ একাধিক নামে ভুয়া ফেসবুক পেজ খুলে চটকদার বিজ্ঞাপন দেওয়া হতো। এসব বিজ্ঞাপনে স্বল্পমূল্যে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়া হলেও প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করা হতো বলে অভিযোগ রয়েছে।
এভাবে প্রতারণার শিকার হয়ে এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি দল তদন্ত ও অভিযান শুরু করে।
নড়াইল জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দীন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাশ, এসআই প্রসেনজিত ঘোষ ও এসআই রাকিবুল হাসানসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন নামে অনলাইন পেজ খুলে বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তাঁদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন ও ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন প্রতারণা বন্ধ এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে জেলা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সতর্কতা: অনলাইনে পণ্য কেনার আগে বিক্রেতার পরিচয় ও পেজের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। অপরিচিত বিক্রেতার আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অগ্রিম টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকুন।
© All rights reserved © 2026
Leave a Reply