1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ছড়ানো হলো বিয়ের খবর - Stbanglatv.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ছড়ানো হলো বিয়ের খবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

জুয়েল রানা বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়ার পর তাঁর টিপসই নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক দিন পর ওই নারীর বিয়ে হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ৪৩ বছর বয়সী ওই নারী দাবি করেন, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি। এমনকি কোনো কাজির কাছেও তিনি যাননি। তাঁর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় আবদুস ছাত্তার কৌশলে তাঁর কাছ থেকে টিপসই নেন। পরে সেই টিপসই ব্যবহার করে ভুয়া কাবিননামা তৈরি করা হয়েছে।
স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে আবদুল কুদ্দুসের নাম রয়েছে। ভুক্তভোগীর দাবি, কুদ্দুস এর আগে তাঁকে একাধিকবার বিয়ের প্রস্তাব দিলেও তিনি তাতে রাজি হননি। কুদ্দুসের স্ত্রী, সন্তান ও নাতি-নাতনি রয়েছে।
প্রায় ১৩ বছর আগে ওই নারীর স্বামী মারা যান। এরপর মানুষের জমিতে কাজ করে তিনি দুই ছেলেকে বড় করেন এবং তাঁদের বিয়ে দেন। বর্তমানে তাঁর নাতি-নাতনিও রয়েছে।
অভিযোগ অস্বীকার করে আবদুস ছাত্তার বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি ওই নারীর কাছ থেকে কোনো টিপসই নেননি। জমিজমা নিয়ে বিরোধের কারণে তাঁকে এ ঘটনায় জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিকে কাবিননামায় কাজি হিসেবে গোলাম মোস্তফার নাম থাকলেও তিনি বিয়ে পড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ছড়িয়ে পড়া কাগজটি জাল। এর আগেও ২০২০ সালে তাঁর নাম ব্যবহার করে এমন একটি জাল কাগজ তৈরি হওয়ায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
কাবিননামায় সাক্ষী হিসেবে যাঁদের নাম রয়েছে, তাঁদের একজন সাইফুল ইসলামও দাবি করেছেন, তিনি ওই বিয়ের কোনো সাক্ষী ছিলেন না। কাগজে আড়াই লাখ টাকা দেনমোহর এবং ৫০ হাজার টাকা নগদ পরিশোধের কথা উল্লেখ রয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে দুই দফা সালিস হয়েছে। তবে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুস সালিসে উপস্থিত ছিলেন না। বিষয়টি যাচাই করে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সালিসে নেতৃত্ব দেওয়া স্থানীয় ব্যক্তি মোহাম্মদ রুস্তম আলী। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনাটি বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন। তবে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি