
আব্দুর রউফ ভূঁইয়া জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে “মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু প্রতিরোধ করি” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় ডিডি এলজি স্থানীয় সরকার উপসচিব জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ,সিভিল সার্জন ডাক্তার মোঃ সাইদুর রহমান, এডিসি রেভিনিউ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচিতে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু এবং কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা পৌরসভার একক উদ্যোগ যথেষ্ট নয়। মশার বিস্তার রোধে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।
সচেতনতা, পরিচ্ছন্নতা ও সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে।
© All rights reserved © 2023
Leave a Reply