
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ এলাকায় মাদকের বিরুদ্ধে লাঠি মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। ‘মাদকমুক্ত হাসানগঞ্জ চাই’ দাবিতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে এ কর্মসূচি পালন করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে হাসানগঞ্জ বাজারে ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় ছাত্র-জনতা, মাদকবিরোধী আন্দোলনের কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
হাতে লাঠি নিয়ে হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি হাসানগঞ্জ বাজার, খুজিয়ারমোড়সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘মাদক ব্যবসা চলবে না’ এবং ‘ইয়াবার আস্তানা বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে হাসানগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর সভাপতি আ. রহমান শিপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হাসানগঞ্জকে মাদকমুক্ত করা কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়; এটি পুরো এলাকার মানুষের দাবি। মাদকবিরোধী কার্যক্রম শুধু বিচ্ছিন্ন অভিযান বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মাদকের উৎস, সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। হাসানগঞ্জে মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। তাই শুধু মাঝে মধ্যে অভিযান পরিচালনা না করে মাদকের উৎস, সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশ থেকে হাসানগঞ্জে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। হাসানগঞ্জ এলাকাতেও নজরদারি করা হচ্ছে। কোথাও মাদকের সন্ধান পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
© All rights reserved © 2026
Leave a Reply