
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাঁরা বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় মানুষের খোঁজখবর নেন। পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল আওয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার মাহবুব হোসেন এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় কর্মকর্তারা পদ্মার পানি বৃদ্ধির কারণে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ ও সমস্যার কথা সরাসরি শোনেন। স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হওয়া, যাতায়াত, কৃষিকাজসহ বিভিন্ন সমস্যার কথা কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়দের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। যেকোনো সংকটময় পরিস্থিতিতে প্রশাসন বন্যাকবলিত মানুষের পাশে থাকবে বলেও তাঁরা জানান।
পদ্মার পানি আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কীভাবে দ্রুত সহায়তা পৌঁছানো যায়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply