
আরিফ হোসেন রুদ্র রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় রায়পুর থানা চত্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওসমান চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা অ্যাডভোকেট আকবর হোসেন আরমান। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল তার কঠোর রাজনৈতিক জবাব দেবে।”
অন্যান্য বক্তারা বলেন, “বিদেশিদের ইন্ধনে আবারও আওয়ামী লীগ অপপ্রচার ও অপরাজনীতির মাধ্যমে মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই। যুবদল রাজপথের সংগঠন। অতীতের মতো এবারও সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে এবং অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
তারা আরও বলেন, “দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা মাঠে রয়েছে।”
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন যুবদলের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকবর হোসেন সম্রাট, রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক নুর-এ-হেলাল মামুনসহ উপজেলা ও পৌর যুবদলের অসংখ্য নেতাকর্মী।
সমাবেশ শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply