
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইলে গ্রাম আদালতের সেবা সম্পর্কে গ্রামীণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ভিডিও প্রদর্শনীর (ভিডিও শো) আয়োজন করা হয়েছে। ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
১৪ই জুন উপজেলার তালজাংগা ইউনিয়নের শাহবাগ বাজারে এই ভিডিও শো অনুষ্ঠিত হয়। ব্যানারটিতে উল্লেখ করা গ্রাম আদালতের মূল স্লোগান ছিল— “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালজাংগা ইউনিয়ন পরিষদের সুপরিচিত চেয়ারম্যান আবু জাহেদ ভূঞা। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক এবং বিভিন্ন শ্রমজীবী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার, প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট এবং তাড়াইল উপজেলার কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান ভুঞাঁ। ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) যৌথ অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, গ্রামীণ এলাকার ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধগুলো জেলা আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত খরচ এড়িয়ে অতি দ্রুত এবং নামমাত্র খরচে স্থানীয় ইউনিয়ন পরিষদেই সমাধান সম্ভব। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত সাধারণ মানুষকে গ্রাম আদালতের আইনি প্রক্রিয়া, এক্তিয়ার এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের প্রচারণামূলক কার্যক্রমের ফলে সাধারণ মানুষ আইনি জটিলতা এড়িয়ে সহজেই নিজ এলাকায় ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আরও বেশি উৎসাহিত ও সচেতন হবে।
© All rights reserved © 2023
Leave a Reply