
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দামুসের বিল এলাকার গুরুত্বপূর্ণ মরিচার দাঁড়া খনন কাজ।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে কৃষক-জনতার দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, মরিচার দাঁড়া ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বিলের পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষও দুর্ভোগে পড়তেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খনন কাজ শুরু হওয়ায় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, তিনি সবসময় জনগণের সুখ-দুঃখের পাশে থাকতে চান এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মরিচার দাঁড়া খনন কাজ সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা খনন কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার হাজারো কৃষক সরাসরি উপকৃত হবেন এবং কৃষিনির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে। এলাকাবাসীর মতে, মরিচার দাঁড়া খনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি কৃষক-জনতার দীর্ঘদিনের প্রাণের দাবির বাস্তবায়ন, যা এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
© All rights reserved © 2023
Leave a Reply